আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসনের অভিযানে ছয় লক্ষ টাকা জরিমানা
বেলাল আহমদ,বান্দরবান-পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলাধীন ১নং সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় আলীকদম সেনা জোনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
১৪ ডিসেম্বর রবিবার আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে উত্তর-পূর্বে আনুমানিক ০৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম এর নেতৃত্বে রাত ০০৩০ ঘটিকা হতে ০২৩০ ঘটিকা পর্যন্ত একটি বিশেষ অভিযানে পরিচালিত হয়। উক্ত অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় দুইজন ব্যক্তিকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ মাত্র) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ মাত্র) টাকা করে মোট ৪,০০,০০০/- (চার লক্ষ মাত্র) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযুক্ত ব্যক্তি ও আটককৃত যানবাহনসমূহ আলীকদম থানা পুলিশের সহায়তায় থানার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনসমূহ অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাহাড়ে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতের পাশাপাশি আলীকদম জোন পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। উক্ত পদক্ষেপ স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। এ ধরণের উক্ত পদক্ষেপ ভবিষৎতেও চলমান থাকবে বলে জানিয়েছেন আলীকদম জোন কমান্ডার।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































